সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জে ওয়াকফ সম্পত্তি উদ্ধারের দাবি

সিদ্ধিরগঞ্জে আজগর হাজী ওয়াকফ এস্টেটের বেদখলকৃত সম্পত্তি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল রবিবার বেলা ৩টায় আটটি মসজিদ কমিটি ও মোতোওয়াল্লিদের উদ্যোগে মিজমিজি দক্ষিণপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ সম্মেলন হয়।

লিখিত বক্তব্যে বায়তুল মামুর জামে মসজিদের মোতোওয়াল্লি আমিনুল হক ভূঁইয়া রাজু বলেন, সিদ্ধিরগঞ্জ ও জালকুড়ি দুটি মৌজায় ২২টি দাগে ৫৬২ শতাংশ জমি আজগর হাজী ওয়াকফ এস্টেটের। আজগর হাজীর মৃত্যুর পর ওই জমি তিনজন মোতোওয়াল্লি ও আজগর হাজীর ওয়ারিশরা বিক্রি করে দেন। জমি উদ্ধার করার জন্য ওয়াকফ কর্তৃপক্ষসহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করার পরও কোনো প্রতিকার হচ্ছে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া, স্থানীয় ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, বড় মিনার মসজিদ কমিটির সভাপতি মোস্তফা কামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ বিষয়ে বাংলাদেশ ওয়াকফের সহকারী প্রশাসক মাসুদুর রহমান শিকদার জানান, স্থানীয় পরিদর্শককে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য চিঠি দেওয়া হয়েছে। স্থানীয় পরিদর্শক রেজাউল করিম বলেন, চিঠি পেয়ে তদন্ত করছি। দ্রুতই প্রতিবেদন দাখিল করা হবে।