জামায়াতে ইসলামীর বিচার কার্যক্রম শুরু করতে সরকারকে আহ্বান জানিয়েছে ইসলামী গণতান্ত্রিক পার্টি।
রবিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ আহ্বান জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেন, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগ ও সৌদি আরব সরকারের অনুদানে দেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের প্রকল্প চালু আছে। ইতিমধ্যে অন্তত ১৭০টি স্থাপনার নির্মাণ কার্যক্রম শেষ হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন এ ব্যাপারে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। আমাদের দাবি, এই ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক প্রকল্পের নামকরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করা হোক।
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি আরও বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি ও রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এখনো অবলীলায় তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা জানি, নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন স্থগিত আছে। উচ্চ আদালতে দলটিকে নিষিদ্ধের বিষয়টি এখন বিচারাধীন। দলমত নির্বিশেষে একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে আবারও সবাইকে সতর্ক হতে হবে।
এছাড়া সংবাদ সম্মেলনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি উদযাপন কমিটি গঠন করা হবে। দলের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মাসুদ আহমদকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে সদস্য সচিব করে ৫০ সদস্যবিশিষ্ট একটি উদযাপন কমিটি করা হয়েছে। দলের পক্ষ থেকে সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি।
এরমধ্যে উল্লেখযোগ্য বঙ্গবন্ধুর মাজার জিয়ারত, সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী আলোচনা সভা, সেমিনার ইত্যাদি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম খান ও প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহমদ প্রমুখ।