নবাবগঞ্জে সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর গাইডলাইনে করোনা মোকাবিলায় সফল বাংলাদেশ

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান বলেছেন, কভিড-১৯ মহামারী করোনায় যখন দেশের অবস্থা বিপর্যস্ত, তখন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গাইডলাইন দিয়েছেন। প্রধানমন্ত্রীর পদক্ষেপ ও তার বিভিন্ন পরামর্শে দেশে করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। গতকাল রবিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ধাপে করোনার টিকা কার্যক্রম প্রদান উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘আমাদের সবাইকে টিকা নিতে হবে এটা খুবই জরুরি। এতে করে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব। স্বাভাবিক জীবনে ফিরে এলে দেশের অর্থনীতির চাকা আরও সচল হবে।’

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ সচিব মো. আলী নুর, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. মাকসুদুর আমীন, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মঈনুল আহসান, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ।