টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ৩০০-৪০০ রানের টার্গেট দিয়েও স্বস্তিতে থাকতে পারছে না দলগুলো। ২০২১ সালের প্রথম ৩৮ দিনের মধ্যে দু’বার তার প্রমাণ মিলেছে। ব্রিসবেনে জানুয়ারিতে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ৩২৮ রান তাড়া করে। গতকাল চট্টগ্রামে উইন্ডিজ ৩৯৫ রান তাড়া করে হারিয়েছে বাংলাদেশকে। দুটিই স্বাগতিকদের বিরুদ্ধে জয়, ৩ উইকেটে। রাওয়ালপিন্ডি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৩৭০ রান টার্গেট দিয়ে কি স্বস্তিতে থাকতে পারছে
পাকিস্তান? চতুর্থ দিন শেষে ১ উইকেটে ১২৭ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য আজ আর ২৪৩ রান দরকার তাদের।
প্রথম ইনিংসে ৭১ রানের লিড পাওয়া পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৯৮ রানে। ইনিংসটা গড়ে দিয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান প্রথম টেস্ট সেঞ্চুরিতে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরির সুযোগ পেয়েছিলেন ব্রিসসেনে। কিন্তু সেবার ৫ রানের জন্য বঞ্চিত হন তিনি। এরপর গত ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড পরপর তিন ইনিংসে ৭১, ৬০, ৬১ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত ১৩তম টেস্টে এসে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন এই ডানহাতি। শেষ পর্যন্ত ১১৫ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে নবম ইউকেটে ৯৭ রান তুলে দেওয়া নোমান আলি করেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৫। জর্জ লিন্ডা নেন ৫ উইকেট। জবাব দিতে নেমে দলীয় ৩৩ রানে ডিন এলগারের উইকেট হারালেও এইডেন মার্করাম (৫৯*) ও ভান ডার ডুসেন (৪৮*) বাকি সময়টা কাটিয়ে দেন নির্বিঘ্নেই। টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৪১৪ রান তাড়া করে জয়ের রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার (২০০৮ সালে পার্থে, অস্ট্রেলিয়ার বিপক্ষে)।