সাতক্ষীরায় বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরায় বৈদ্যুতিক তারে জড়িয়ে এক বিদ্যুৎ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে শহরের কাটিয়া (স্টাফ কোয়ার্টার) এর সামনে ঘটনাটি ঘটে।

নিহত ওই শ্রমিকের নাম হাবিবুর রহমান ভুট্টো (৩৮)। তিনি গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার ৩নং দমোদরপুর বটতলা গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, নিহত হাবিবুর রহমান ভুট্টো সাতক্ষীরায় বিদ্যুতের পোল বসানোর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকের কাজ করতেন।

সোমবার সকালে কাটিয়া ফিডারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ করার জন্য বিদ্যুতের খুঁটিতে ওঠেন। তবে, একই স্থানে পাশাপাশি দুটো ফিডার থাকায় হাবিবুর ভুল করে কাটিয়া ফিডারে না উঠে টেক্সটাইলস মিলস ফিডারে উঠে পড়েন।

এ সময় তিনি ৩৩ হাজার কে.বি ভোল্টেজের লাইনে হাত লাগানোর সাথে সাথে বৈদ্যুতিক তারে জড়িয়ে তার একটি হাত কেটে মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই পুড়ে মারা যান। পরে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।