দেড় কোটি টাকার সিগারেট, প্রসাধনীসহ গ্রেপ্তার ৩

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক হাজার ৭০০ কার্টন সিগারেট এবং ১৫৪ কেজি প্রসাধনীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ঢাকা কাস্টম হাউস যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় এস এম আই কুরিয়ার সার্ভিস ও মোহাম্মদ মঞ্জুর জেনারেল ট্রেডিং লিমিটেড জড়িত থাকার তথ্য পেয়েছে বলে জানায় সংস্থাগুলো।

এয়ারপোর্ট আর্মড ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, সোমবার বিকেল ৪টার দিকে বিমানবন্দরের আমদানি কার্গোর পার্কিং এলাকা থেকে মালামালসহ তাদের আটক করা হয়। মোহাম্মদ মঞ্জুর জেনারেল ট্রেডিং লিমিটেড, এসএম আই কুরিয়ার সার্ভিস নামে দুটি আমদানিকারক প্রতিষ্ঠানের নামে এবং নেক্সাস কুরিয়ার যোগে আসা এ সব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে আমদানি কার্গোর কুরিয়ার গেট এলাকায় কাভার্ড ভ্যানে বোঝাই করে পাচার করছিল। এ সময় মো. সাজু  (২৫), সুমন মিয়া (৩০) ও  জাবেদ মিয়াকে(২৩) গ্রেপ্তার করা হয়। তিনি জানান, আটক মালামালের মধ্যে ৩০৩ এসএস ব্রাউন ২ লাখ ৪০ হাজার শলাকা, ইজি স্পেশাল গোল্ড ৯০ হাজার শলাকা এবং মোন্ড সুপার স্লিম ১০ হাজার শলাকা সিগারেট রয়েছে। এ ছাড়া ডিউ, গোরি, চাঁদনি, নেভিয়া, ফেস মিরাকল এবং গোল্ড সোয়ান ব্রান্ডের ১৫৪ কেজি প্রসাধনী আটক করা হয়। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক দাম প্রায় দেড় কোটি টাকা।

গ্রেপ্তারদের বরাত দিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বদরুল আলম শ্যামল, প্রিন্স, জসিম, ইয়াছিন, বাদল, সিপাহি হানিফসহ অন্তত দু’ডজন চক্র এসব অপকর্ম করছে। তারা শুল্ক ফাঁকি দিয়ে মালামাল পাচার করে। তাদের ভয়ে কেউ কথা বলতে পারে না।