ক্ষেপণাস্ত্র সহযোগিতা পুনরায় শুরু করেছে ইরান-উ. কোরিয়া

ইরান ও উত্তর কোরিয়া ২০২০ সালে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে পুনরায় সহযোগিতা শুরু করেছে।

জাতিসংঘের এক রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। খবর: বাসস।

রিপোর্টে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়া নানাভাবে পরমাণু প্রস্তাব লঙ্ঘন করে যাচ্ছে।

জাতিসংঘ বিশেষজ্ঞদের একটি স্বাধীন প্যানেলের এই বার্ষিক রিপোর্ট সোমবার নিরাপত্তা পরিষদে জমা দেওয়া হয়।

এতে উল্লেখ করা হয়, তেহরান উত্তর কোরিয়ার সঙ্গে এ ধরনের ক্ষেপণাস্ত্র সহযোগিতার কথা অস্বীকার করেছে।

তবে অজ্ঞাত এক সদস্য রাষ্ট্রের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়েছে, এ দু’টি দেশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্পে পুনরায় সহযোগিতার কাজ শুরু করেছে। এতে গুরুত্বপূর্ণ পার্টস হস্তান্তরের বিষয়টিও রয়েছে।

রিপোর্ট তৈরি করা এসব বিশেষজ্ঞ পিয়ংইয়ংয়ের ওপর আরোপিত নিষেধজ্ঞার বিষয়টিও দেখভাল করে।

উত্তর কোরিয়ার বিষয়ে এসব বিশেষজ্ঞ বলছে, পিয়ংইয়ং পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচি অব্যাহত রেখেছে যা জাতিসংঘ প্রস্তাবের লঙ্ঘন।

এদিকে গত ২১ ডিসেম্বর বিশেষজ্ঞদের এক চিঠির জবাবে তেহরান বলেছে, এই তদন্ত রিপোর্টে মিথ্যা ও বানোয়াট তথ্য ব্যবহার করা হয়েছে।