গোপালপুরে নির্বাচনী সহিংসতায় নিহত-ভাঙচুরের ঘটনায় দুটি মামলা

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনা ঘটেছে। নিহত ও ভাঙচুরের ঘটনায় আলাদা দুটি মামলা হয়েছে বলে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন নিশ্চিত করেছেন।

রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ অফিসে ভাঙচুরের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান এই ওসি।

এ ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানিয়েছেন।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা নছিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়রে করেন। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

অপরদিকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার ক্যাম্প ভাঙচুরের ঘটনায় রফিকুল ইসলাম হীরা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে।

গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু জানান, হত্যাকাণ্ড ও ভাঙচুরের ঘটনায় আলাদা দুটি মামলা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার ক্যাম্প ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে। হত্যা মামলায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয় নাই। দুটি মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত এই পুলিশ সুপার।