নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে মো. সাগর (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোর আরোহী বিদেশি দুই কর্মকর্তা।
মঙ্গলবার সকাল ৭টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার গুনাইহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর রূপপুর পারমাণবিক প্রকল্পের মাইক্রোবাসের চালক। তার বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার আলহাজ মোড়ে। আহত দুই বিদেশি প্রকল্পের কর্মকর্তা।
নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম বলেন, সকাল ৭টার দিকে পাবনার রূপপুর থেকে পারমাণবিক প্রকল্পের কর্মকর্তাদের নিয়ে একটি মাইক্রোবাস বনপাড়ার দিকে যাচ্ছিল।
মাইক্রোবাসটি পাবনা-নাটোর মহাসড়ক হয়ে নাটোর বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি গ্রামে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক মো. সাগর নিহত হন এবং আহত অবস্থায় বিদেশি দুই কর্মকর্তাকে বনপাড়ার পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।