বিএনপির আন্দোলন কোন বছর, জানতে চাইলেন কাদের

বিএনপির আন্দোলন হবে কোন বছর হবে দলটির নেতাদের কাছে তা জানতে চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা  বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ বিএনপির আন্দোলনের ঘোষণা শুনতে শুনতে জনগণও এখন মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করতেই ১২ বছর চলে গেল, কিন্তু আন্দোলন হবে কোন বছর।’

বিএনপি নেতারা খালেদা জিয়ার মুক্তির চেয়ে সরকারের অন্ধ সমালোচনা এবং সরকার পতনকেই নিজেদের কৌশল হিসেবে নিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণও এখন তাদের উদ্দেশ্য নিয়ে সন্দিহান। দলীয় নেত্রীর মুক্তির জন্য তাদের আগ্রহ যতটা না বেশি, তার চেয়ে বেশি আগ্রহ সরকার বিরোধিতায়।

আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচিতে বিশ্বাসী নয় জানিয়ে তিনি বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আওয়ামী লীগ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সভাসমাবেশ, গণসংযোগ ঘোষণা করেছে। এটা কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নয়।

সেতুমন্ত্রী বলেন, কর্মসূচি ঘোষণা করে বিএনপি নেতারা এখন বলছেন, সংগঠনকে গুছিয়ে তারপর আন্দোলনে নামবে। আসলে জনগণ এখন বুঝে গেছে বিএনপির আন্দোলনের সক্ষমতা কতটুকু। তাদের এমন অজুহাতেই একযুগ পার হলো, কর্মীরাও হতাশ। গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেই বিএনপির আন্দোলন সীমাবদ্ধ।

এ সময় গুণগতমান বজায় রেখে সড়কের নির্মাণকাজ করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, সড়কে চলমান যেসব কাজ চলছে সেগুলো বর্ষার আগেই শেষ করতে হবে।