ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার মামলায় কুসিক কাউন্সিলর আলমগীর রিমান্ডে

কুমিল্লা নগরীর ব্যবসায়ী ও আওয়ামী লীগ কর্মী আক্তার হোসেনকে কুপিয়ে হত্যার মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) কাউন্সিলর আলমগীর হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে শুনানি শেষে কুমিল্লার ৯ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম মাহমুদ খান এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।

ওই ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর আলমগীর গত ৪ ফেব্রুয়ারি কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। সেদিন আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন আলমগীর। উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষ হলে ওই দিন আদালতে হাজির হয়ে ফের জামিনের আবেদন করেন তিনি।

পুলিশ পরিদর্শক কমল কৃষ্ণ ধর বলেন, কাউন্সিলর আলমগীরকে কারাগারে প্রেরণের পর আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করি। সেই আবেদনের শুনানি হয় মঙ্গলবার দুপুরে। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। শিগগিরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হবে। আশা করছি জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ওই হত্যাকাণ্ড বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। 

নিহত ওই ব্যবসায়ীর পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত বছরের ১০ জুলাই শুক্রবার জুমার নামাজের পর নগরীর কোট বাড়ি সড়কের চাঙ্গিনি মোড় এলাকায় কুসিকের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনের নেতৃত্বে ব্যবসায়ী আক্তার হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কাউন্সিলর আলমগীরসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত আক্তারের স্ত্রী রেখা বেগম। মামলাটির তদন্ত করছে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ।