কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা টেলিভিশনে দেশ ও দেশের স্পর্শকাতর প্রতিষ্ঠান সম্পর্কে প্রচারিত প্রতিবেদন নিয়ে জনমনে উৎকণ্ঠা তৈরি হয়েছে বলে মনে করে বিএনপি।
উৎকণ্ঠা অবসানের জন্য সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা প্রকাশের দাবি জানায় দলটি। এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভা হয়। সভায় এন.এস.আই এর পক্ষ থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের ব্যক্তিগত তথ্যাদি সংগ্রহের জন্য যে ফরম পূরণের উদ্যোগ নেয়া হয়েছে তাকে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য পূরণের প্রয়াস বলে চিহ্নিত করেন স্থায়ী কমিটির সদস্যরা। একই সঙ্গে ব্যক্তি ও রাজনৈতিক মৌলিক অধিকার পরিপন্থী এমন তৎপরতা বন্ধ করার দাবি জানানো হয়।
তিনি বলেন, মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর রাষ্ট্র ক্ষমতা দখল ও জরুরি অবস্থা জারির নিন্দা জানিয়ে যথাশিগগির প্রতিবেশী দেশের জনগণ তাদের দীর্ঘ সংগ্রামে অর্জিত গণতন্ত্র ফিরে পাবে সেই আশা প্রকাশ করা হয়। দেশের জনগণ অঘোষিত এক স্বৈরতান্ত্রিক শাসনের অধীনে থাকায় গণতন্ত্রহীন রাষ্ট্র ব্যবস্থার অসহনীয় যাতনার অভিজ্ঞতা থেকেই মিয়ানমারের গণতন্ত্রকামী জনগণের সঙ্গে একাত্ম।