রাজধানীতে হেফাজত নেতা মাওলানা জসিমউদদীনকে ছুরিকাঘাতের অভিযোগ

হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব, লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জসিমউদদীনকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, ঢাকা খিলগাঁও মাখযানুল উলুম মাদরাসার মহাপরিচালক আল্লামা নুরুল ইসলাম জিহাদী।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন, মাওলানা জসিমউদদীন একজন বয়োবৃদ্ধ আলেম, মুহাদ্দিস। এমন একজন বয়োবৃদ্ধ আলেমকে পেছন থেকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করার ঘটনা চরম উদ্বেগজনক। অনতিবিলম্বে এই সন্ত্রাসী হামলায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আল্লামা নুরুল ইসলাম জিহাদী আরো বলেন, আমি ফোনে কথা বলে খবর নিয়েছি। ছুরিকাঘাতে আহত মাওলানা জসিমউদদীনের বর্তমান অবস্থা খুবি গুরুতর এবং আশঙ্কাজনক। সরকার প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাওলানা জসিমউদদীনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহবান করছি।

হেফাজত মহাসচিব আরো বলেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওলামায়ে কেরামের ওপর হামলা করে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করতে চাচ্ছে।  ওলামায়ে কেরামের ওপর হামলার ঘটনা দেশের লক্ষ কোটি তৌহিদি জনতা কখনো বরদাশত করবে না।

হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী বলেন, ওলামায়ে কেরামের ওপর হামলার পরিণতি শুভ হবে না। মাওলানা জসিমউদদীনের সুচিকিৎসা নিশ্চিত করে অনতিবিলম্বে হামলাকারীদের খুঁজে বের বিচারের আওতায় আনতে হবে। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সরকার, প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।