ফ্র্যাঞ্চাইজি হকি লিগ আয়োজনের চিন্তা

প্রিমিয়ার ডিভিশন হকি লিগ কবে আলোর মুখ দেখবে তা নিয়ে রয়েছে ঘোর সংশয়। তিন বছর ধরে হয়নি লিগ। বাংলাদেশ হকি ফেডারেশন লিগের প্রশ্নে একবিন্দুতে আনতে পারছে না ক্লাবগুলোকে। খেলোয়াড়রা ঘোর অনিশ্চয়তায় মধ্যে সময় কাটাচ্ছেন। এর মধ্যেই হকি অঙ্গনে শোনা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ আয়োজনের খবর। হকি ফেডারেশনকে একটি প্রতিষ্ঠান প্রস্তাব দিয়েছে এ রকম একটি লিগ আয়োজনের। আজ ফেডারেশনের নির্বাহী সভায় এ নিয়ে হবে আলোচনা। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমাদের সভায় অন্যতম এজেন্ডা লিগের ভাগ্য নির্ধারণ। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগের প্রস্তাবটা নিয়েও আলোচনা হবে। সবকিছু পর্যালোচনা করেই আমাদের কাছে প্রস্তাব এসেছে। আমরাও আলোচনা কিছুদূর এগিয়ে নিয়েছি। আজ সভায় সিদ্ধান্ত হলে আমরা আলোচনা এগিয়ে নেব।’