চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও এলাকার কৃষক বিল্লাল হোসেন গাজীকে প্রতিবন্ধী ভাতার কার্ড দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। গত রবিবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে তাকে এ কার্ড দেওয়া হয়। এছাড়াও অচিরেই তাকে সমাজসেবা কার্যালয়ের অধীনে সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি চিকিৎসার জন্য অর্থ সহায়তা করা হবে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার। এর আগে গত শনিবার দৈনিক দেশ রূপান্তরে ‘বিল্লালের প্রতিবন্ধিতা জয়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসার পরপরই এ কৃষকের পাশে দাঁড়ায় সমাজসেবা কার্যালয়।