নারী-শিশুসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৬

দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজীপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শিশু, নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী, মাদারীপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী, নাটোরে মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে মাইক্রোচালক এবং নরসিংদীতে সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক নারী নিহত হন। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

গাজীপুর : গাজীপুরে নানির বাড়ি বেড়াতে এসে গতকাল সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাথী (৭) নামে এক শিশু নিহত হয়েছে। সে জামালপুরের বকশীগঞ্জ থানার সাধুরপাড়া এলাকার সামিরুলের মেয়ে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই আল আমিন জানান, গত কয়েকদিন আগে দাদির সঙ্গে নগরীর পশ্চিম বিলাশপুরের হাবিবুল্লাহ সড়ক এলাকায় নানির বাড়ি বেড়াতে আসে সাথী।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আদি রহমান (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যার দিকে উপজেলার চৌধুরীপাড়া জামে মসজিদ সংলগ্ন চাঁন টেক্সটাইল-ছনপাড়া সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আদি রহমান চৌধুরীপাড়া এলাকার মৃত তাহের আলীর ছেলে।

মাদারীপুর : মাদারীপুরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে শিবচর উপজেলার সূর্যনগর সংলগ্ন গুপ্তেরকান্দি এলাকায় এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদরপুর উপজেলার চর মানাইর এলাকার আয়নাল হোসেন (৪৫) এবং আমির হোসেন (২২)।

নাটোর : নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোচালক মো. সাগর (২৫) নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সাগর পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মাইক্রোবাসের চালক। তার বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার আলহাজ মোড়ে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত দুই বিদেশি কর্মকর্তা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

নরসিংদী : নরসিংদীর পলাশে সিএনজিচালিত অটোরিকশা উল্টে বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার মাঝেরচর এলাকার এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বেগম গাজীপুরের কালীগঞ্জ সাওরাহিদ গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী।

ওসি বলেন, গতকাল সকালে পলাশ বাসস্ট্যান্ড থেকে ৪ জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মাঝেরচর গ্রামে যাচ্ছিল। পথে একজনকে বাঁচাতে চালক হঠাৎ ব্রেক করলে অটোরিকশাটি উল্টে যায়। আহত চারজনকে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে বেগম মারা যান।