শাহজাদপুরে কৃষকের সবজি বাগান থেকে ৭টি ককটেল ও ৩১টি ঢাল উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রাম দক্ষিণপাড়া গ্রামের মজনু প্রামাণিকের (৫৫) বাড়ির সবজি পালানের মধ্যে থেকে র‌্যাব ও পুলিশ বুধবার দুপুরে ৭টি ককটেল ও ৩১টি ঢাল উদ্ধার করেছে। এ ঘটনার পর র‌্যাব ও পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে ওই বাড়ির মালিক মজনু প্রামাণিকের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বলেন,সকাল ৮টার দিকে সবজি পালান থেকে লাউ ও বেগুন বুলতে গিয়ে একটি মাটির হাঁড়ির মধ্যে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল ও গুলি দেখতে পাই। এ সময় ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। কিছু সময় পর জ্ঞান ফিরে পেয়ে ডাক চিৎকার শুরু করি। আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে।

এরপর পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল গুলি উদ্ধার করে নিরাপদ স্থানে রাখে ও ওই এলাকা সুতলি দিয়ে ঘিরে রাখে। খবর পেয়ে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর একটি দলও ঘটনা স্থলে ছুটে আসে। এ সময় তারা আশপাশের লোকজন নিরাপদে সরিয়ে নেয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী চর আঙ্গারু গ্রামের আহাদ আলীর বাড়ির পাশের আব্দুর রাজ্জাকের জমি থেকে ৩১টি ঢাল উদ্ধার করে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশে ওই স্থানটি ঘিরে রাখা হয়েছে। তারা এসে যে নির্দেশ দিবেন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছেন,পার্শ্ববর্তী বৃ-আঙ্গারু গ্রামে প্রায় ১ মাস আগে একটি হত্যার ঘটনা ঘটেছে। ওই হত্যা মামলার অনেক আসামি এই গ্রামের আত্মীয়-স্বজনের বাড়িতে এসে আশ্রয় নিয়ে আত্মগোপনে রয়েছে। তারা প্রতিপক্ষের বাঁধার কারণে বাড়ি ফিরতে পারছে না। ফলে বাড়ি ফেরার প্রস্তুতি হিসাবে তারা এ সব বিস্ফোরক ও ঢাল মজুত করেছে বলে তারা মনে করছে।