মাদারীপুরের কালকিনি থানার ওসির মোবাইল নম্বর ক্লোন করে আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র এক প্রার্থীকে সুবিধা দেওয়ার কথা বলেছে বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি নিশ্চিত করে ওসি নাসির উদ্দিন মৃধা জানিয়েছেন, এই ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জানা য়ায়, বুধবার দুপুরে মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে দুই জনপ্রিয় মেয়র প্রার্থী নৌকা প্রতীকের বি এম হানিফ ও নিখোঁজ হয়ে ফিরে আসা স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান সবুজের কাছে ওসির নম্বর থেকে কল করে নির্বাচনে বিজয়ী করে দেওয়ার জন্য কাজ করার আশ্বাস দেওয়া হয়। বিষয়টি নিয়ে সন্দেহ হলে নৌকার প্রার্থী ওসির পারসোনাল নম্বরে কল করে নিশ্চিত হয়েছেন মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে । অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান সবুজের ক্লোন করে কল করা ব্যক্তিকে সামনা সামনি কথা বলতে অনুরোধ জানালে কল কেটে দেন।
নৌকা প্রতীকের প্রার্থী হানিফ বলেন, দুপুরে ওসির নম্বর থেকে আমার মোবাইল ফোনে একটি কল আসে। কল করে বলে, নির্বাচনে আমার পক্ষে কাজ করার আশ্বাস দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলতে বলা হয়। বিষয়টি আমার কাছে সন্দেহ হলে আমি ওসি সাহেবের পারসোনাল নম্বরে কল করে কথা বলে নিশ্চিত হয়েছি। পরে আরেকটি কল আসে ইন্টারন্যাশনাল কোড নম্বর থেকে। আমি তাকে বলছি সামনা সামনি আসতে।
স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান সবুজ বলেন, আমার কাছেও কল আসে। কল করে আমাকে বলে আপনি কি মেয়র হতে চান? তখন আমি বলি আল্লাহর হুকুম থাকলে আমি এমনিতেই মেয়র হব । ওই লোকের কণ্ঠস্বর শুনে বুঝতে পারি কিছু একটা হয়েছে। তারপর আমি তাকে সামনা সামনি এসে কথা বলতে বললে ফোন কেটে দেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা বলেন, আমার মোবাইল নম্বর থেকে দুই মেয়র প্রার্থীর কাছে কল করা হয়েছে বলে দুজনেই জানিয়েছেন। অন্য কোনো প্রার্থীর থেকে এমন অভিযোগ পাইনি। আমি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হান্নান জানান, কালকিনি থানার ওসি ফোন নম্বর ক্লোন হওয়ার বিষয়ে আমাদের জানিয়েছেন। আমরা চেষ্টা করছি তদন্ত করে অপরাধীদের বের করতে।