নারায়ণগঞ্জের বন্দরে চাকরি খুঁজতে গিয়ে এক নারী (২৪) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বন্দর থানাধীন মদনপুর এলাকার ওই ঘটনায় গত মঙ্গলবার রাতে একটি মামলা হয়েছে। নির্যাতিতার দাবি, চাকরি দেওয়ার কথা বলে একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে অজ্ঞাত পরিচয় এক যুবক (৩৫)। ধর্ষণের শিকার ওই নারী সোনারগাঁ থানার কলতাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার সকাল ১০টার দিকে চাকরি খুঁজতে মদনপুরের ইপিলিয়ন গ্রুপের গার্মেন্টস ফ্যাক্টরিতে যান ওই নারী। এ সময় চাকরি দেওয়ার কথা বলে তাকে আল বারাকা হাসপাতালের পাশে আলাউদ্দিন মিয়ার টিনশেড বাড়ির পাশে একটি কক্ষে নিয়ে যায় অজ্ঞাত পরিচয় এক যুবক। পরে ওই নারীকে ধর্ষণের পর পালিয়ে যায় সে। এরপর স্বামীকে সঙ্গে নিয়ে বন্দর থানায় গিয়ে একটি মামলা করেন ওই নারী।
বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক কুমার সাহা জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া একই থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকায় এক কবিরাজের বিরুদ্ধে চিকিৎসার নামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একইদিন (মঙ্গলবার) রাতে কামাল মিয়া (৫৮) নামে ওই কবিরাজকে আসামি করে বন্দর থানায় একটি মামলা করেন ওই নারীর স্বামী।