চট্টগ্রামে শব্দদূষণ, বায়ুদূষণ ও তরল বর্জ্য নির্গত ইটিপি অকার্যকর রাখার দায়ে আট প্রতিষ্ঠানকে ৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।
বৃহস্পতিবার শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এ আদেশ দেন।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে– হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, বায়েজিদ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তৈয়বীয়া ডেইরি ফার্ম, স্বপ্ন সুপারশপ, ন্যাচারাব এক্সেসরিজ বাংলাদেশ, এমজেএল, কেডিএস টেক্সটাইল মিলস লিমিটেড এবং সিনথেটিক এডেসিভ কোম্পানি লিমিটেড।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক জানান, বায়ুদূষণের জন্য হাইডেলবার্গ সিমেন্টকে ১ লাখ, বায়েজিদ স্টিলকে ৫০ হাজার, শব্দদূষণের জন্য স্বপ্ন সুপারশপকে ৫০ হাজার ও ন্যাচারাব এক্সেসরিজকে ৫৫ হাজার, ইটিপির আউটলেট বন্ধ রাখায় কেডিএস টেক্সটাইলকে ১ লাখ এবং তরল বর্জ্য নির্গত করার অপরাধে সিনথেটিককে ৫০ হাজার ও এমজেএলকে ৫ হাজার, পরিবেশ ছাড়পত্র না থাকায় তৈয়বীয়া ডেইরিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী দূষণ, পরিবেশগত ছাড়পত্র ও বায়ুদূষণের দায়ে আট প্রতিষ্ঠানকে ৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।