বামদের মিছিলে চড়াও পুলিশ পশ্চিমবঙ্গে হরতাল

পশ্চিমবঙ্গে নয়া শিল্প স্থাপন, বেকারত্ব বৃদ্ধিসহ একাধিক বিষয় নিয়ে নবান্ন অভিযানের ডাক দেয় ১০টি ছাত্র ও যুব সংগঠন। গতকাল বৃহস্পতিবার অভিযানের পক্ষে মিছিল বের হলে এসএন ব্যানার্জি রোডে আটকে দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ব্যাপক সংঘর্ষ হয়।

আনন্দবাজার পত্রিকা বলছে, লাঠিচার্জ, টিয়ারশেল ছাড়াও পুলিশ জলকামানের সাহায্যে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। পুলিশি হামলার প্রতিবাদে আজ শুক্রবার রাজ্যে ১২ ঘণ্টার হরতাল ডেকেছে বামরা। এতে সমর্থন দিয়েছে কংগ্রেস। তবে হরতালে জোর করে অবরোধ, দোকানপাট বন্ধ বা গাড়ি আটকানোর চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা রায়। শহরে সাড়ে ৩ হাজার পুলিশ মোতায়েন করা হবে বলে জানান তিনি।

আরএসএস মনোভাবাপন্ন রাজনৈতিক দল বাদ দিয়ে সবাইকে হরতাল সমর্থনের আহ্বান জানান সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘আমরা বামফ্রন্ট এবং সব সহযোগীর সঙ্গে কথা বলেছি, শুক্রবার ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘট ও হরতাল পালন করা হবে। ওরা মিছিলের গতিপথ স্তব্ধ করতে চেয়েছে। শুক্রবার মানুষ রাজ্যকে স্তব্ধ করবে।’

বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর অভিযোগ, ‘নবান্ন অভিযানে পুলিশের অত্যাচারে তাদের ১৫০ ছাত্রছাত্রী আহত হয়েছেন।’