বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বিশ্বের কোনো স্বৈরাচার সরকার স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েনি। এ সরকারও ছাড়বে না। ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে।’
দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জিয়াউর রহমানকে নিয়ে টানাটানি করলে হাত পুড়ে যাবে।’
নড়াইলে একটি মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা প্রদানের প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এসব কথা বলেন।
সমাবেশে মির্জা আব্বাস তারেক রহমানের বিরুদ্ধে সাজা প্রদান, দলের প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরার ৩৪ জন নেতা-কর্মী, পাবনায় ৪৭ জন নেতা-কর্মীকে সাজা প্রদান এবং দলের বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনার প্রতিবাদ জানান।
তিনি বলেন, ‘সদ্য ভূমিষ্ঠ শিশু ছাড়া বাংলাদেশে বিএনপির এমন কোনো নেতা-কর্মী নেই যার বিরুদ্ধে মামলা নেই। কেন এত মামলা, হত্যা-গুম? কারণ একটাই। শুধুমাত্র সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে এসব করছে। কোনো স্বৈরাচার সরকার কখনো ক্ষমতা ছাড়ে না, তাকে ক্ষমতা ছাড়া করতে হয়। কেউ আপনাকে অধিকার দেবে না, অধিকার আদায় করতে হবে। জনগণ ফুঁসে উঠেছে। ইনশা আল্লাহ, এই জনগণের দাবির তোড়ে-আন্দোলনে একদিন সকল স্বৈরাচার সরকারের মতো এই সরকারেরও পতন হবে।’
দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘জিয়াউর রহমানকে বীর উত্তম উপাধি এই সরকার দেয়নি। স্বাধীনতার পর দেশের জনগণ ভালোবেসে তাকে এ উপাধি দিয়েছে। আর আপনারা (সরকার) আইন দেখান।’
তারেক রহমানের বিরুদ্ধে সাজা দিয়ে লাভ হবে না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘তারেক রহমানকে দুবছরের সাজা দিয়ে আপনারা কী অর্জন করলেন। জিয়াউর রহমানকে হত্যা করে অনেকে মনে করল বিএনপি শেষ। বিএনপি শেষ হয়ে যায়নি, এখনো আছে। তখন বিএনপির হাল ধরেন বেগম জিয়া। ভবিষ্যতে তারেক রহমান হাল ধরবেন।’
জিয়াউর রহমানকে নিয়ে টানাটানি করলে হাত পুড়ে যাবে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান। এখন ঘরে ঘরে খুনি, মাফিয়া, দখলদার, ধর্ষণকারী। আমি বলব জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন, গণতন্ত্র ফিরিয়ে দেন। আর জিয়াউর রহমানকে নিয়ে টানাটানি করবেন না।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, কৃষক দলের সদস্যসচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, জ্যেষ্ঠ সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মৎস্যজীবী দলের সদস্যসচিব আব্দুর রহিম প্রমুখ।