আরো একটি সহজ জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল।
বৃহস্পতিবার মেলবোর্ন পার্কে মার্কিন যুক্তরাষ্ট্রের মাইকেল মোহকে সরাসরি সেটে হারিয়েছেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল। বিশ্ব র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা এ তারকা ৬-১, ৬-৪ ও ৬-২ গেমে ম্যাচ নিজের করেন।
পরের রাউন্ডে তার প্রতিপক্ষ ব্রিটেনের ক্যামেরন নরি।
এদিকে ৫ নম্বর বাছাই স্তেফানস সিতসিপাসের জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে। অবাছাই অস্ট্রেলিয়ান থানাসি কোকিনাকিসকে ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-১, ৬-৭ (৫-৭) ও ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকিট কেটেছেন তিনি।
অন্য ম্যাচে রাশিয়ার দানিল মেদভেদেভও সহজ জয় পেয়েছেন। সরাসরি সেটে হারিয়েছেন স্পেনের কারবায়েস বায়েনাকে। ৬-২, ৭-৫ ও ৬-১ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন ৪ নম্বর বাছাই এ তারকা।
ব্রাজিলের থিয়াগো মনতিরোকে ৬-৪, ৬-৪ ও ৭-৬(১০-৬) গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন ৭ নম্বর বাছাই রাশিয়ান আন্দ্রে রুবলেভ।। চেক প্রজাতন্ত্রের থমাস মাচেককে ৬-৩, ৬-২, ৪-৬ ও ৬-৩ গেমে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন ৯ নম্বর বাছাই ইতালির মাত্তেও বেরেত্তিনি।