মিরপুরে উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা হচ্ছে। ঠিক লাঞ্চের পরপরই মিরপুর স্টেডিয়াম সংলগ্ন অ্যাকাডেমি মাঠে দেখা গেল মাহমুদউল্লাহ রিয়াদ ও শরিফুল ইসলামকে ব্যাট-বলের অনুশীলন করতে। প্রায় ঘণ্টাখানেকের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাঁহাতি পেসার শরিফুলের বোলিংয়ে ব্যাট করলেন মাহমুদউল্লাহ। এ ছাড়া অপর একজনকে দিয়ে বল থ্রো করিয়েও ব্যাটিং করেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক।
বলার অপেক্ষা রাখে না, নিউজিল্যান্ডে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ সামনে রেখেই অনুশীলনে এসেছেন মাহমুদউল্লাহ। জাতীয় দলের ব্যস্ততা এখন নেই তার। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলের সদস্য শরিফুলও টেস্ট দলে নেই। তাই এই সুযোগে আগেভাগেই আসন্ন সিরিজের প্রস্তুতি তাদের। উইন্ডিজ সিরিজ শেষে মাসের শেষদিকে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ। দেশটির কুইন্সল্যান্ডে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প হবে শুরুতে। এরপর ২০, ২৩ ও ২৬ মার্চ হবে তিনটি ওয়ানডে। ২৮ ও ৩০ মার্চ এবং ১ এপ্রিল তিনটি টি-টোয়েন্টি হবে।