করোনা পরিস্থিতির কারণে এবার অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে ছায়ানটের চার দিনব্যাপী শুদ্ধসংগীতের আসর ‘জাগ রে জাগ সংগীত’। গতকাল বৃহস্পতিবার এই আয়োজনের দ্বিতীয় দিনে সুরের মোহনায় ভাসিয়েছেন শিল্পীরা। রাত ৮টায় ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পাতায় অনুষ্ঠানটি সম্প্রচার শুরু হয়। দ্বিতীয় দিনের পরিবেশনায় অংশ নেন ছয় শিল্পী।
শুরুতেই কণ্ঠসংগীতে রাগ পুরিয়া কল্যাণ পরিবেশন করেন তাসাউফ ইসলাম। তাকে তবলা সঙ্গত করেন প্রশান্ত ভৌমিক, হারমোনিয়ামে টিংকু কুমার শীল এবং তানপুরায় সুপ্তিকা মণ্ডল। তাসাউফের পর কণ্ঠসংগীতে রাগ ভূপালী পরিবেশন করেন শিল্পী সুপ্রিয়া দাশ। তাকে তবলায় সঙ্গত করেন প্রশান্ত ভৌমিক, হারমোনিয়ামে টিংকু কুমার শীল এবং তানপুরায় সুপ্তিকা মণ্ডল।
এরপর বেহালায় সুরের মায়াজাল সৃষ্টি করেন শিল্পী শিউলী ভট্টাচার্য। তিনি পরিবেশন করেন রাগ ঝিঁঝিঁট, পিলু। তাকে তবলায় সঙ্গত করেন অঞ্জন সরকার এবং তানপুরায় বিদিশা মণ্ডল।
অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে কণ্ঠসংগীতে রাগ শুদ্ধকল্যাণ পরিবেশন করেন শিল্পী হৈমন্তী চক্রবর্তী। তাকে তবলায় সঙ্গত করেন প্রশান্ত ভৌমিক, হারমোনিয়ামে টিংকু কুমার শীল এবং তানপুরায় পর্ণা দেব রায়। পরে কণ্ঠসংগীতে রাগ রাগেশ্রী পরিবেশন করেন শিল্পী রাকিবা ইসলাম ঐশী। তাকে তবলায় সঙ্গত করেন প্রশান্ত ভৌমিক, হারমোনিয়ামে বিজন চন্দ্র মিস্ত্রী এবং তানপুরায় হৈমন্তী চক্রবর্তী।
দ্বিতীয় দিনের আয়োজনে শেষ পরিবেশনায় অংশ নেন শিল্পী রেজোয়ান আলী। তিনি কণ্ঠসংগীতে রাগ চন্দ্রকোষ পরিবেশন করেন। তাকে তবলা সঙ্গত করেন প্রশান্ত ভৌমিক, হারমোনিয়ামে বিজন চন্দ্র মিস্ত্রী এবং তানপুরায় হৈমন্তী চক্রবর্তী ও রাকিবা ইসলাম ঐশী। শনিবার শেষ হবে চার দিনব্যাপী শুদ্ধসংগীতের এই আসর।