সাভারে স্কুলছাত্র রোহান হত্যা মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি দুদুলকে (২৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে। গত বুধবার রাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার দুদুল ব্যাংক কলোনি এলাকার কিশোর গ্যাংয়ের অন্যতম সদস্য বলে জানিয়েছে পুলিশ।
থানা পুলিশ জানায়, প্রেম সংক্রান্ত বিরোধের জেরে বাসা থেকে ডেকে নিয়ে গত ৬ ফেব্রুয়ারি সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় মুড়ি মটকা নামক রেস্টুরেন্টের সামনে স্কুলছাত্র রোহানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় রোহানের বাবা আবদুস সোবাহান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই হত্যাকান্ডের সঙ্গে জড়িত দুদুলসহ বাকি আসামিরা গা ঢাকা দেয়। পরে পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে দুদুলের অবস্থান জানতে পেরে বুধবার রাতে পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সাভার মডেল থানার এসআই মো. তাহমুদুল হক জানান, গ্রেপ্তার দুদুলকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে রোহান হত্যা মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তার গ্যাং লিডার হৃদয়কে আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং রাহিদ নামে অপরজন জেলহাজতে রয়েছে।