২০১৯ সালের নভেম্বরে চালু হওয়ার আগেই ডিজনি প্লাস জানিয়েছিল, ২০২৪ সালের শেষ নাগাদ নয় কোটি গ্রাহকের কাছে পৌঁছতে চায় তারা। তত দিন আর অপেক্ষা করতে হয়নি, ১৪ মাসেই মাইলফলক অর্জন করল ওটিটি প্ল্যাটফর্মটি।
বৃহস্পতিবার ডিজনি প্লাসের পক্ষ থেকে এ খবর জানানো হয়। এর মাধ্যমে তারা নেটফ্লিক্সের বৈশ্বিক গ্রাহকের প্রায় অর্ধেক পূর্ণ করলো।
শুধু গত বছরের শেষ মাসেই ৮১ লাখ গ্রাহক পেয়েছিল ডিজনি প্লাস। এর এক মাস পর মোট গ্রাহক বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটির বেশি।
মূলত পিক্সারের ‘সোল’ থেকে শুরু করে ‘ম্যান্ডোরোরিয়ান’-এর মতো অরিজিনাল সিরিজ, টুয়েন্টিফোর সেঞ্চুরি ফক্স অধিগ্রহণ ও পরিবার-বান্ধব ক্ল্যাসিকের কল্যাণের দিন দিন বেড়েছে প্ল্যাটফর্মটির গ্রাহক। এ ছাড়া বড়সড় বিনিয়োগের ঘোষণা এবং নয় হাজার নতুন ছবি ও টিভি প্রজেক্টের হাতছানি তো আছে!
বিশ্বব্যাপী ২০ কোটি গ্রাহক নিয়ে স্ট্রিমিং জগতের মহিরুহ হয়ে আছে নেটফ্লিক্স, তাদের সাড়ে নয় কোটি গ্রাহক পেতে সময় লেগেছে নয় বছর।
ডিজনি প্লাস দ্রুত দর্শক পেলেও করোনার পাশাপাশি আরেকটা বিষয় মানতে হবে, নেটফ্লিক্স ছিল পরিবর্তনের সূচনা। ফলে ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে তাদের বেশ কাঠখড় পুড়িয়ে এগোতে হয়েছে। সেই পথে অন্যদের সঙ্গে হেঁটেছে ডিজনি। আর কনটেন্ট বিবেচনায় এখনো এগিয়ে নেটফ্লিক্স। গ্রাহকসংখ্যায় তাদের ছড়াতে পারে কি-না ভবিষ্যৎই বলবে। কারণ নেটফ্লিক্সের হাতেও আছে বৈচিত্র্যপূর্ণ মেগা প্রজেক্ট।