বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিবচর পৌর মেয়র আ.লীগের আওলাদ

মাদারীপুরের শিবচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আওলাদ হোসেন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মেয়রপদে অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন।

শিবচর পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন শিবচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আওলাদ হোসেন খান একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। তাই অন্য কোনো প্রার্থী মেয়রপদে প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

আগামী ২৮ ফেব্রুয়ারি শিবচর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে মোট ভোটার ১৭ হাজার ৯১৮ জন। ভোটকেন্দ্র নয়টি ও বুথ ৪৮টি।

রিটার্নিং কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, মেয়রপদে অন্য প্রার্থী না থাকায় আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আওলাদ হোসেনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছি।