আমাজনের ‘সোনার নদী’ ধরা পড়ল স্যাটেলাইটে

বিশ্বের সর্ববৃহৎ রেইনফরেস্ট আমাজনের ভেতরে খনি থেকে অবৈধভাবে সোনা উত্তোলনের চিত্র ধরা পড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইটে।

ছবিতে দেখা যাচ্ছে, দক্ষিণ আমেরিকার পেরুতে আমাজনের গভীরে আঁকাবাঁকা অসংখ্য সোনার নদী।

বিবিসি জানায়, নাসা এ ছবির নাম দিয়েছে ‘রিভার্স অব গোল্ড’। সংস্থাটির ধারণা, সোনা উত্তোলনের জন্য অনুমোদনহীনভাবে সুরঙ্গ খনন করা হয়েছে এখানে।

সোনা উত্তোলন করতে গোপনে এসব সুড়ঙ্গ খোড়া হয় এবং সেগুলোতে পানি ঢুকে পড়েছে পাশের নদী থেকে। ফলে কাদামাটি, পানি ও স্বর্ণকণিকা মিশে একাকার হয়ে গেছে। সূর্যের আলোর প্রতিফলনে সেগুলো ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে।

টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাস্টিন উইলকিনসন লিখেছেন, ‘ওই পানির ওপরে পড়ে সূর্যের আলো প্রতিফলিত হওয়ার জন্যই মহাকাশ স্টেশন থেকে তোলা ছবিতে মনে হচ্ছে যেন তরল সোনার স্রোত বয়ে যাচ্ছে পেরুর আমাজন বনাঞ্চলে। ’

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে বিরল এ ছবি তোলে নাসা। এর মাধ্যমে প্রমাণিত হয়, কী ধ্বংসাত্মকভাবে সোনা উত্তোলন করা হয়েছে দক্ষিণ-পশ্চিম পেরুর মাদরে দে দিয়োস অঞ্চলে।

সোনা রপ্তানিতে শীর্ষ একটি দেশ পেরু। মাদরে দে দিয়োস অঞ্চলকে ঘিরে দেশটিতে সোনা উত্তোলনের বিশাল অনিয়ন্ত্রিত শিল্প গড়ে উঠেছে। এর মাধ্যমে সোনা উত্তোলনকারী হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করছে।

ওই অঞ্চলটি জীববৈচিত্র্যের একটি হটস্পট। সোনা উত্তোলনকারীদের কারণে সেখানে ব্যাপকভাবে বন ধ্বংস হচ্ছে এবং বন্যপ্রাণীদের আবাসস্থল নষ্ট হচ্ছে। এ ছাড়া কাদামাটিতে মিশে থাকা সোনা খুঁজতে গিয়ে পারদ ব্যবহার করে থাকে মানুষ, যা নদীর পানিকে বিষাক্ত করে তুলছে।