উন্নয়নশীল দেশে ১ কোটি কোভিড ভ্যাকসিন দেবে চীন

করোনাভাইরাসের ভ্যাকসিন সহায়তা নিয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা চলছে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

শুক্রবার চীনা নববর্ষ উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘চীন কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে ১ কোটি কোভিড ভ্যাকসিন সরবরাহের ঘোষণা দিয়েছে।’

চীনা নববর্ষ বিশ্বজুড়ে ব্যাপকভাবে উদযাপিত হয় উল্লেখ করে লি জিমিং বলেন, ‘প্রাচীন এই উৎসবের (চীনা নববর্ষ) আমেজ সীমান্ত ছাড়িয়ে গেছে। তাই একটি আনন্দদায়ক নতুন বছরকে স্বাগত জানাতে আমাদের সাথে যোগ দিন। চীনা নববর্ষ চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছুটির সময় এবং তাই, সবাইকে শুভ নববর্ষ।’ 

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে রবিবার (৭ ফেব্রুয়ারি) থেকে দেশে ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে।

বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।