প্রশাসনের অনুমতি ছাড়া ইবিতে সান্ধ্য কোর্সের ভর্তি পরীক্ষা

করোনার মধ্যে বন্ধ ক্যাম্পাসে প্রশাসনের অনুমতি না নিয়ে সান্ধ্য কোর্সের ভর্তি পরীক্ষা নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে কোর্সের ২০২০-২১ শিক্ষাবর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা সকাল থেকেই ভবনে ভিড় জমায়। পরীক্ষায় ৯৩ আবেদনকারীর মধ্যে ৫৯ শিক্ষার্থী অংশ নেন। ফলাফলে উত্তীর্ণ হন ৫৬ জন। করোনার সময়ে সান্ধ্য কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ভর্তি পরীক্ষা সমন্বয় কমিটির সদস্য অধ্যাপক মাহবুব বিন শাজাহান শুভ বলেন, ‘বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সভায় বিভাগে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছিলো। এরা অনেক দিন বসে আছেন, অপেক্ষায় আছেন। তখন ভিসি স্যারের সঙ্গে মনে হয় জহুরুল স্যার কথা বলেছিলেন। এজন্য পরীক্ষা নিয়েছেন।’

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে সান্ধ্যকালীন কোর্সের এক শিক্ষার্থীর পরীক্ষা স্টোর রুমে নেয়া হয়েছিল বলে অভিযোগ আছে। পরিদর্শক ছাড়াই ওই শিক্ষার্থীর একদিনে তিনটি কোর্সের টানা নয় ঘণ্টা পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছিল বিভাগের সহকারী অধ্যাপক ড. সাজ্জাদুর রহমান টিটুর বিরদ্ধে। ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছিল প্রশাসন।

এ বিষয়ে কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. জহুরুল ইসলামের সঙ্গে ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি তা রিসিভ করেনি।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম দেশ রূপান্তরকে বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবহিত ছিলাম না। বিষয়টি জানার পর প্রক্টরের মাধ্যমে পরীক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। ক্যাম্পাসে এসে বিষয়টি নিয়ে বিভাগের সঙ্গে বসব।’