নিরপেক্ষ নির্বাচনের দাবিতে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ঘোষিত সমাবেশ স্থগিত করেছে বিএনপি। শুক্রবার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরাজিত বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
তিনি বলেন, ‘সমাবেশের কর্মসূচি আগামী ২০-২৩ ফেব্রুরির মধ্যে যেকোনো দিন পালন করা হবে। তবে অপর পাঁচ সিটি করপোরেশন এলাকায় পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সমাবেশ অনুষ্ঠিত হবে।’
৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন বিএনপির পরাজিত ছয় মেয়র প্রার্থী। তারা ওইদিন ঘোষণা দেন দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ৬ সিটি করপোরেশন এলাকায় ছয়টি সমাবেশ করবেন। ঘোষিত সেই সমাবেশের প্রথমটি ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে হওয়ার কথা ছিল।
বিএনপি জানায়, ৯ ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের এক সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রস্তাব হয়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। যে কারণে চট্টগ্রামের সমবাবেশ স্থগিত করা হয়।