আ. লীগ দেউলিয়া হয়ে ভোট চুরির চেষ্টা করে: মাহবুব উদ্দিন খোকন

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আওয়ামী লীগের নেতাদের, আওয়ামী লীগের জনসমর্থন নেই তাই জনসমর্থনে দেউলিয়া হয়ে প্রশাসন দিয়ে ভোট চুরির চেষ্টা করে।

শুক্রবার নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল পৌরসভা নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তের গণসংযোগ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনে কোন অনিয়ম ও সহিংসতা হলে তার দায়ভার নির্বাচন কমিশনকে নিতে হবে। বিএনপির গণজোয়ারে ভীত হয়ে আওয়ামী লীগ মামলা-হামলা চালাচ্ছে। জনগণ ঐক্যবদ্ধ আছে, জনগণ ঐক্যবদ্ধ থাকলে এখানে ভোট চোরদের কোনো সুযোগ হবে না ইনশা আল্লাহ। 

তিনি সোনাইমুড়ী পৌরসভার ছাতারপাইয়া বাইপাস ও সোনাইমুড়ী বাজারে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোতাহের হোসেন মানিকের সমর্থনে গণসংযোগ ও পথসভা করেন।