১২ ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুটিং শুরু হলো মোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবি ‘যাও পাখি বলো তারে’র শুটিং। মাহি-শিপন ও আজাদ অভিনীত এই চলচ্চিত্রের শুটিং চলছে বগুড়াতে।
মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘গতকালই আমরা ঢাকা থেকে বগুড়ায় এসেছি। আজ মহরতের মাধ্যমে সিনেমার শুটিং শুরু করেছি। এখানে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা শুটিং করব। আশা করছি, সিনেমার ৮০ ভাগ কাজ শেষ করে ফেলতে পারব।’
এই সিনেমার মাধ্যমে মাহির সঙ্গে প্রথমবারের মতো জুটি গড়লেন আজাদ আদর। অপর দিকে ৬ বছর সঙ্গে আবারো মাহির সঙ্গে কাজ করছেন শিপন মিত্র।
আসাদ জামানের কাহিনি ও চিত্রনাট্যে ত্রিভুজ প্রেমের গল্পে চলচ্চিত্রটি নির্মিত হবে সম্পূর্ণ গ্রামীণ পটভূমিতে। প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে মূল বিষয়।