খুলনায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ ম্যারাথনের উদ্বোধন

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী ১০ লাখ জনতার অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে গতকাল শুক্রবার সকালে খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে খুলনা জেলার ম্যারাথনের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের সমন্বয়ে কেসিসির সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, সেনাবাহিনীর লে. কর্নেল এএসএম ফখরুল ইসলাম চৌধুরী,  জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, মেজর এসএম ফয়সাল রহমান, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঁচ কিলোমিটার দূরত্বের ম্যারাথনটি খুলনা শহরের শিববাড়ী মোড় থেকে সকাল ৯টায় শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদিস পার্কে এসে শেষ হয়। এতে খুলনার নানা শ্রেণি-পেশার প্রায় ছয় হাজার মানুষ অংশ করেন।