মানববন্ধনে গয়েশ্বর

মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করেননি; বরং তার পূর্ববর্তী সরকার জনগণের সংবিধান স্বীকৃত যে মৌলিক অধিকারগুলো কেড়ে নিয়েছিল, সেগুলো পুনরুদ্ধার করেছিলেন।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

গয়েশ^র চন্দ্র রায় বলেন, স্বাধীনতা-পরবর্তী সরকার সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। চারটি সংবাদপত্র রেখে বাকিগুলো বন্ধ করে দিয়েছিল।

পরে জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় এসে গণতন্ত্রকে পরিপূর্ণতা দিয়েছেন, সব স্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া তিনি চালু করেছিলেন এবং সংবাদপত্র প্রকাশ করার অবাধ সুযোগ করে দিয়েছিলেন।