চট্টগ্রামে অস্ত্র, গুলিসহ আট ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা দিনে গণপরিবহনে কৃত্রিম জটলা সৃষ্টি করে যাত্রীদের মোবাইল-মানিব্যাগ হাতিয়ে নেয়, একই চক্রটি রাতে রিকশা-অটোরিকশার যাত্রীদের অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে বলে জানিয়েছে পুলিশ।
গত ১১ ফেব্রুয়ারি রাতে নগরীর ডবলমুরিং থানার শেখ মুজিব রোডের চৌমুহনী এলাকা থেকে ৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তারা হলো তাজুল ইসলাম তাজু (৩৬), তুষার হোসেন (২৫), মো. তপু (২২), হায়াত মাহমুদ জীবন (২৩), আনোয়ার হোসেন বাবু (২১), নাজমুল ইসলাম (২৮), আবদুর রহমান রানা (২০) এবং জনি শাহ (৩২)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি এলজি, ১টি কার্তুজ, ৩টি ছোরা এবং ৮টি ছিনতাই করা মোবাইল ফোন।