সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া বলেছেন, উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে সরকারকে বিশেষ ভূমিকা রাখতে হবে।
শুক্রবার রাজধানীর পল্টন টাওয়ারে ইআরএফ মিলনায়তনে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
উত্তরবঙ্গের মানুষের জীবনমান উন্নয়নে গাইবান্ধার বালাসী ঘাট হতে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত টানেল নির্মাণে গণমাধ্যম কর্মীদেরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।
সাধারণ সভার শুরুতে সংগঠনের প্রয়াত চার সদস্যের স্মরণে শোকপ্রস্তাব উত্থাপন ও তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
রংপুর বিভাগের মানুষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান ডেপুটি স্পিকার। উত্তরাঞ্চলকে মঙ্গাপীড়িত অঞ্চল বলে সমালোচনা না করে কীভাবে এই এলাকার মানুষের জীবনযাত্রার মানকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ের ওপর সবাইকে গুরুত্বারোপ করতে তাগিদ দেন তিনি।
আলোকচিত্রে একুশে পদক-২০২১ প্রাপ্ত আরডিজেএ সদস্য পাভেল রহমানকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মোকছুদার রহমান মাকসুদের সভাপতিত্বে ও আরডিজেএ সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা এমপি।
অনুষ্ঠানে আরডিজেএ কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মানিক মুনতাসির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতারুজ্জামানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।