কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নানামুখী কর্মকান্ড গ্রহণ করেছে সরকার। তিনি বলেন, ‘ইতিমধ্যেই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এখন আমাদের প্রধান খাদ্য চাল বিদেশ থেকে আমদানি করতে হয় না।’ গতকাল শুক্রবার বিকেলে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূূর্ব খন্ড গ্রামে কৃষক দেলোয়ারের টিউলিপ বাগান ও বিভিন্ন বিদেশি সবজির প্লট দেখতে এসে এসব কথা বলেন তিনি।
এর আগে গতকাল সকালে কৃষি মন্ত্রণালয়ের সচিব মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুজ্জামান শ্রীপুরের এই বাগান পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী আঞ্জুমান আরা শিউলী প্রমুখ।