ওয়ারীতে যুবকের লাশ

ডাস্টবিনে ফেলতে ৫ টুকরো করেন শাহনাজ : পুলিশ

রাজধানীর ওয়ারীতে যুবকের পাঁচ টুকরো লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। এতে একমাত্র আসামি করা হয়েছে নিহত সজীবের কথিত প্রেমিকা শাহনাজ পারভীনকে (৫০)। সজীব হাসানের (৩৫) খালু নজরুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ওয়ারী থানায় মামলাটি করেন। প্রাথমিকভাবে ওই নারী একাই হত্যাকান্ডে জড়িত থাকা ও বঁটি দিয়ে লাশ ৫ টুকরো করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। মূলত পলিথিনের ব্যাগে করে ডাস্টবিনে ফেলার উদ্দেশ্যে শাহনাজ লাশ টুকরো টুকরো করে বলে জানিয়েছে। 

পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার (এসি) মো. হান্নানুল ইসলাম মামলার বিষয়ে বলেন, থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম মামলার তদন্ত করবেন। মামলায় ওই নারীকে একমাত্র আসামি করা হয়েছে। নৃশংস এই হত্যাকান্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হবে।

মামলার তদন্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘ওই নারী একাই হত্যার কথা স্বীকার করেছেন। তাদের সঙ্গে দীর্ঘদিনের অবৈধ সম্পর্কের কথাও জানিয়েছেন। কথা বলেছেন কীভাবে হত্যা করেছেন সেটি নিয়েও। তার পরিকল্পনা ছিল টুকরো টুকরো করে লাশ ফেলে দেবেন। কিন্তু হত্যাকান্ডের পর ঘাবড়ে যাওয়ায় তিনি লাশ গোপন করতে পারেননি।’

গত বৃহস্পতিবার সকালে ওয়ারীর ১৭/১, কে এম দাস লেন হোল্ডিংয়ের ৪র্থ তলায় নৃশংস এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।