‘দেবী দুর্গার পূর্বপুরুষ’ নিয়ে বিতর্কে বিজেপি-তৃণমূল

রামের জন্মভূমি ও তার মাহাত্ম্য নিয়ে ভারতীয় রাজনীতিতে ঘটনার শেষ নেই। এখন পশ্চিমবঙ্গে যুক্ত হয়েছে ‘দেবী দুর্গার পূর্বপুরুষ’ নিয়ে তর্ক। আপাতত তীর বিদ্ধ বিজেপি নেতা।

স্থানীয় গণমাধ্যম বলছে, ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

শুক্রবার এক আলোচনা সভায় বলেন, “রামের পূর্বপুরুষের নাম পাওয়া যায়, দুর্গার পাওয়া যায় কি?” দিলীপের মন্তব্যের পরই নিন্দায় সরব হয়েছে তৃণমূল। বিজেপির রাজ্য সভাপতির নাম করে তৃণমূলের দাবি, দেবী দুর্গার অবমাননা করেছেন তিনি। এই অপমান রাজ্যের নারীরা মেনে নেবেন না বলেও দাবি সেখানকার শাসক দলের।

একটি সংবাদমাধ্যম আয়োজিত আলোচনা সভায় তৃণমূলের সমালোচনায় সরব হন দিলীপ। ওই সময় দুর্গা নিয়ে মন্তব্য করেন তিনি।

বলেন, “খুব দুর্ভাগ্যের কথা। (তৃণমূল) এমন একটা দল যার কোনো মাথামুণ্ডু নেই। কোনো আদর্শ নেই। ধর্মের জায়গায় রাজনীতির কথা বলে। রাজনীতির জায়গায় কথা বলে ধর্ম-জাতপাত নিয়ে। আমরা এমনটা করি না। আমরা খোলাখুলি রাজনীতি করি। ভগবান রাম একজন রাজা ছিলেন। রামের পূর্বপুরুষের নাম পাওয়া যায়, দুর্গার পাওয়া যায় কি?”

ওই মন্তব্য নিয়ে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল। দলের টুইটার হ্যান্ডলে দিলীপ ঘোষকে ট্যাগ করে লেখা হয়, “অভাবনীয়! বাংলার পবিত্র মাটিতে বসে দিলীপবাবু আমাদের দেবী দুর্গাকে অপমান করেছেন! দেবী দুর্গা আমাদের মা, আমাদের শক্তি, আমাদের অনুপ্রেরণা! যারা নিজেদের হিন্দু ধর্মের রক্ষক ও সমর্থক বলে দাবি করেন, তারাই এখন দেবী দুর্গার অবমাননা করছেন।”

বাংলার নারীরা কখনই এই অপমান মেনে নেবেন না বলেও মন্তব্য করা হয়েছে। দলের পক্ষ থেকে ‘বাংলার গর্ব মমতা’ টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, “বাংলার নারীরা মা দুর্গার অপমান কোনো দিনই মেনে নেবেন না। বাংলার সংস্কৃতিতে দেবী দুর্গা একদিকে সবার মা ও রক্ষক। অপর দিকে তিনি সবার মেয়েও যে বছরে একবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসে এবং যাওয়ার সময় সবাইকে কাঁদিয়ে দিয়ে যায়।”

শুক্রবারের ওই আলোচনায় দিলীপ তথা গেরুয়া শিবিরকে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূলও। দলের তরফে অনুষ্ঠানে উপস্থিতি বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। রামকে নিয়ে বিজেপি দেশের ধর্মীয় ইতিহাস বদল করার প্রচেষ্টা শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি, দুর্গা যে শুধুমাত্র বাংলার ভাবনা নয়, হিন্দুত্বেরও ভাবনা, তেমন মন্তব্যও করেন কাকলি। তার কথায়, “ভারত হলো বহু ভাবনার সঙ্গম। বহু রাজ্য রামের আরাধনা করে, ঠিক যেমন আমরা মা দুর্গাকে রক্ষক হিসেবে দেখি। বাংলায় আমরা মা দুর্গার পুজো করি।”

এরপরই বিজেপিকে ‘ভারতীয় জুমলা পার্টি’ বলে কটাক্ষ করেন তিনি। বিজেপি যে অতি দক্ষিণপন্থীদের অঙ্গুলিহেলনে চলছে, সে দাবিও করেছেন কাকলি। গেরুয়া শিবিরকে কটাক্ষ করে তার মন্তব্য, “দেশের ধর্মীয় ইতিহাসকে বদল করার চেষ্টা চলছে। যা অত্যন্ত লজ্জাজনক।”

এর আগেও বিভিন্ন মন্তব্য করে বহু বার বিতর্কে জড়িয়েছেন দিলীপ। ‘গরুর দুধে সোনা’ থাকে বলেও অনেকের কটাক্ষের পাত্র হয়েছিলেন তিনি। সম্প্রতি পশ্চিমবঙ্গকে তৃণমূল ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চাইছে উল্লেখ করা ফেইসবুক পোস্ট নিয়েও সমালোচিত হন।