রাত পোহালেই ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসা দিবস। আর ভালোবাসা দিবসের আগের রাতটাকে জনপ্রিয় কণ্ঠশিল্পী কর্নিয়ার কাছে ঈদের আগের চাঁদরাতের মতো মনে হচ্ছে। তবে কি ভালোবাসা দিবসের কারণেই কর্নিয়ার এমন অনুভূতি হচ্ছে? কর্নিয়া জানালেন মোটেই তা না।
কর্নিয়া বলেন, চাঁদরাত হওয়ার কারণ হচ্ছে কাল আমার একটা গান রিলজ হবে। সে কারণেই চাঁদরাতের মতো মনে হচ্ছে। আমি খুবই এক্সাইটেড।
এদিকে ভালোবাসা দিবসে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ভালোবাসা দিবসে তেমন পরিকল্পনা নেই। তবে এয়ারফোর্সের একটি শো’তে অংশ নিবো। আর রাতে আমার নতুন গান প্রকাশ হবে। ফলে তেমন সময় পাবো না। তবে ইচ্ছে আছে, রাতে স্বামীকে নিয়ে ডিনার করতে বের হবো। এভাবেই কাটবে আমার ভ্যালেন্টাইন।
পাওয়ার ভয়েসখ্যাত এই তারকা জানালেন তার নতুন গান ‘খেয়ালী মন’মিউজিক ভিডিও আকারে প্রকাশ হবে ১৪ ফেব্রুয়ারি রাতে। গানটি লিখেছেন তারেক আনন্দ। মেলো রক ধাঁচের সুর সংগীতায়োজন করেছেন হৃদয় হাসিন।
কর্নিয়া জানালেন, গানের মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে কক্সবাজার, রাংগামাটির মনোরম লোকেশনে। গানটি নিয়ে কর্নিয়া বলেন, ‘তারেক আনন্দ ভাই যখন আমাকে লিরিক পাঠান, তখনই আমার গানের কথা ভালো লাগে। এর পর হৃদয় হাসিন যখন সুর করল সেটা শোনার পরই ডিসিশন নিই গানটা আমার চ্যানেল থেকে ছাড়ব। আমি চেষ্টা করেছি ভালো গাওয়ার। বাকিটা শ্রোতারাই বলবেন।’
তিনি আরও বলেন, ‘আমার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হচ্ছে গানটি। নতুন চ্যানেল তাই আমার ভক্তদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি নতুন নতুন গান উপহার দিয়ে যাব।’