চতুর্থ দফার পৌরসভা নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা করা দরকার, তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
শনিবার বিকেলে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবীর জানান, রবিবার ৩৪টি জেলায় ৫৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অনিয়ম রোধে প্রতি কেন্দ্রে ৩ থেকে ৪ জন অস্ত্রধারী পুলিশ থাকবে। অঙ্গীভূত আনসারসহ সব মিলিয়ে প্রতি কেন্দ্রে ১১ থেকে ১৩ জন সদস্য থাকবেন।
তিনি বলেন, এর বাইরে আমাদের প্রতি ওয়ার্ডে একটি করে র্যাবের টিম থাকবে, পুলিশের টিম থাকবে। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। রিটার্নিং কর্মকর্তার চাহিদার ভিত্তিতে ২৭টি স্থানে র্যাব ও বিজিবি টিম বাড়ানো হয়েছে।
ইসি সচিব বলেন, ‘আমরা আশা করছি, ফ্রি, ফেয়ার এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে। আমরা আশা করছি এটি ক্রেডিবল হবে।’
গোপন কক্ষ সুরক্ষিত নয় মর্মে অনেক অভিযোগ এসেছে অতীতে, চতুর্থ ধাপের ভোটে ইসির ভূমিকা কী হবে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয় নিয়ে যা বলতে পারি- একেবারে ডিআইজি থেকে এসপি, ডিসি, রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি, যেন এমন কোনো কিছু না ঘটে।’
হুমায়ুন কবীর বলেন, ‘কমিশনের টার্গেট হচ্ছে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন করা। এ জন্য যা যা করতে হবে, সে নির্দেশনা দিয়ে দিয়েছি। নির্বাচন সুষ্ঠু করতে যা যা দরকার আমরা সব ব্যবস্থা নিয়েছি।’