নির্বিঘ্নেই চতুর্থ রাউন্ডে নাদাল

অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল ও সিতসিপাস। গতকাল তৃতীয় রাউন্ডে ব্রিটেনের ক্যামেরন নরিকে সরাসরি সেটে ৭-৫, ৬-২, ৭-৫ গেমে হারিয়েছেন তিনি। গ্রিক সিতসিপাসও সরাসরি সেটে ৬-৪, ৬-১, ৬-১ এ হারিয়েছেন সুইডিশ মিকায়েল ইয়মেরকে। এছাড়া নারী এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন দুই ফেভারিট অ্যাশলে বার্টি ও ইলিনা সাভিতোলিনা। হেরে বিদায় নিয়েছেন চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভা।

পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে এটিপিতে খেলেননি স্পানিয়ার্ড নাদাল। কোনো ধরনের প্রস্তুতি ম্যাচও খেলেননি। তবু টানা তিন রাউন্ডেই সরাসরি সেটে জিতলেন ২০ গ্র্যান্ডসø্যামের অধিকারী নাদাল। দুই ঘণ্টা ১৪ মিনিটে ম্যাচ জেতেন নাদাল। তাতে টানা ষোলবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে পা রাখার পর নাদাল বলেছেন , ‘তিনটি ম্যাচ খেলে ফেললাম। আশা করছি সামনে এটি আমার জন্য সহায়ক হবে। সোমবারের জন্য তৈরি আমি।’ সেদিন প্রি-কোয়ার্টারে নাদালের প্রতিপক্ষ ইতালির ফাবিও ফগনিনি।