৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৬

রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার রমনা বিভাগ। গত বৃহস্পতি ও শুক্রবার অভিযান চালিয়ে ঢাকা ও আশপাশের জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো মাজহারুল ইসলাম ওরফে রাকিব, মো. জহিরুল তালুকদার, আবু বক্কর সিদ্দিক ওরফে খোকা, মো. সেলিম ওরফে ল্যাংড়া সেলিম, মো. লালন ও মো. সেলিম মিয়া। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ২টি চাপাতি, ২টি চাকু, ১টি এন্টিকাটার, ১টি হাতুড়ি ও লুণ্ঠিত ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গত ৭ ফেব্রুয়ারি দুপুরে শাহবাগ থানার টিঅ্যান্ডটি এক্সচেঞ্জের পূর্ব পাশে টেম্পু স্ট্যান্ডের কাছ থেকে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে ৮-১০ জন ছিনতাইকারী ৩৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। দুর্বৃত্তরা শহিদুলকে কিল, ঘুসি, থাপ্পড় ও চাকু দিয়ে ডান চোখের নিচে গুরুতর আঘাত করে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, ঘটনার পর মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা রমনা বিভাগ। তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরও বলেন, এরা একটি ছিনতাইকারী চক্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।