আশুলিয়ায় নারী শ্রমিককে ‘দলবদ্ধ ধর্ষণ’, দুই ভাইসহ গ্রেপ্তার ৪

সাভারের আশুলিয়ায় বান্ধবীর বাসা থেকে ফেরার পথে এক নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আপন দুই ভাইসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী ওই নারী শ্রমিককে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

রবিবার সকালে আশুলিয়ার গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শনিবার রাতে ভুক্তভোগী ওই নারী শ্রমিক আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার গাজীরচট দরগাড়পাড় এলাকার মোখলেস হোসেনের ছেলে সাইফুল ইসলাম বাবু ও মো. আরিফ, একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে আবু বক্কর ও নান্নু মোল্লার ছেলে রানা মোল্লা।

পুলিশ জানায়, গত বুধবার রাতে আশুলিয়ার গাজিরচট এলাকায় বান্ধবীর বাসা থেকে নিজের ভাড়া বাসায় ফিরছিলেন ভুক্তভোগী নারী শ্রমিক।

পথে দুই পুরুষ সহকর্মীর সঙ্গে দেখা হলে কথা হচ্ছিল তাদের সঙ্গে। এ সময় অভিযুক্ত চারজন ওই নারীর দুই সহকর্মীকে মারধর করে তাড়িয়ে দেয় সাইফুল, আরিফ, বক্কর ও রানা। পরে ওই নারী শ্রমিককে জোরপূর্বক তারা স্থানীয় সাইফুলের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে।

ওই নারীকে ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে অভিযুক্তরা। শনিবার বিকেলে বিষয়টি জানাজানি হলে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ভুক্তভোগী।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে রবিবার সকালে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়ের শেষে দুপুরে তাদের গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।

একই সঙ্গে ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।