‘সালমান খানের একটি ঘোড়া বিক্রি হবে’-প্রতারকদের এমন কথা বিশ্বাস করে ভারতের যোধপুরের এক নারী ১২ লাখ রুপি হারিয়েছেন।
ওই নারী রাজস্থান হাইকোর্টে অভিযোগ দেয়ার পর পুলিশ কমিশনারকে ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, লকডাউনে পানভেলের ফার্মহাউজে অনেকটা সময় কাটিয়েছিলেন সালমান খান। ভাইরাল ভিডিওতে তাকে কখনও ‘প্রিয়’ ঘোড়ার সঙ্গে সময় কাটাতে, আবার কখনো বা চাষবাস করতে দেখা গিয়েছিল। আর সেসব ভাইরাল ভিডিও ভাইজানের পাশাপাশি রীতিমতো সেলেব হয়ে উঠেছিল তার ঘোড়াও।
সালমান খানের সেই ঘোড়া বিক্রি হচ্ছে জেনেই লাফিয়ে উঠেছিলেন রাজস্থানের বাসিন্দা সন্তোষ ভাটি। ভাইজানের সেলেব ঘোড়া পাওয়ার জন্য ১১ লাখ রুপি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেন। বাকি এক লাখ দেন চেকে।
প্রতারিত ওই নারী জানিয়েছেন, তিন ব্যক্তি তাকে সালমানের ফার্ম হাউসে তোলা একটি ঘোড়ার ছবি দেখান। জানান, ঘোড়াটি বিক্রি হবে। শুধু তাই নয়, সালমানের সঙ্গে তাদের ভালো পরিচয় আছে বলেও বিশ্বাস করান তারা।
ঘোড়া কেনার পর তা বিক্রি করতে পারলে ভালো লাভ করা যায় বলে ওই নারীকে জানিয়েছিলেন তিন প্রতারক।
তবে ঘোড়া হস্তান্তরের দিন নির্দিষ্ট জায়গায় গিয়েও ঘোড়া পাননি তিনি!