সিরিজ হারের লজ্জা: ফেইসবুকে সমালোচনার ঝড়

চট্টগ্রামের পর মিরপুর টেস্টেও হার বাংলাদেশের। তাতে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ।

প্রথম ম্যাচটা তবু টানা চার দিন দাপট ছিল স্বাগতিকদের। পঞ্চম দিনে রূপকথার গল্প লিখে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে মিরপুরে একচ্ছত্র দাপট দেখিয়েছে সফরকারীরাই।

রবিবার একদিন হাতে রেখেই ম্যাচটা ১৭ রানে জিতে নেয় উইন্ডিজ। যদিও ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে অল্প রানে গুটিয়ে দিয়ে ম্যাচটা নাগালেই রেখেছিল বাংলাদেশ।

ব্যাটসম্যানদের দৃষ্টিকটু পারফরম্যান্সেই পরাজয়ের বেদনায় পুড়তে হয় স্বাগতিকদের। বাংলাদেশের এমন পারফরম্যান্স সাধারণ দর্শক থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধা, মেনে নিতে পারছে না কেউই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়।

শামীম নামের একজন ক্রিকেট ভক্ত যেমন টেস্ট ক্রিকেট থেকে বাংলাদেশকে নিষিদ্ধ করারই দাবি তুলেছেন। ফেইসবুকে তিনি লিখেছেন, ‘দায়িত্বহীনার পরিচিত দিল প্রতিটা খেলোয়াড়। টেস্ট ক্রিকেট থেকে বাংলাদেশকে নিষিদ্ধ করা হোক।’

২৩১ রানের লক্ষ্য ছিল বাংলাদেশের সামনে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৪০৯ রানের বিপরীতে বাংলাদেশ করতে পেরেছিল ২৯৬ রান। ১১৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা উইন্ডিজ ১১৭ রানে গুটিয়ে যায়।

কিন্তু বোলারদের তৈরি করে দেওয়া মঞ্চে টাইগার ব্যাটাররা নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারেনি।

কেন পারেনি বাংলাদেশ? সিরিজ জুড়ে একই ভুল করে গেছে স্বাগতিক দল। এক ভক্ত তাই ফেইসবুকে লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলেরই জয় প্রাপ্য। তাদের অভিনন্দন।’

দুই ম্যাচেই ব্যর্থ ছিলেন তিন নম্বর পজিশনে খেলা নাজমুল হোসেন শান্ত। দাবি উঠেছে তাকে দল থেকে বাদ দেওয়ার। এ ছাড়া ইনজুরিতে পড়া সাকিব আল হাসানের পরিবর্তে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে যোগ হওয়া সৌম্য সরকারের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে।

একজন যেমন লিখেছেন, ‘সৌম্য-শান্ত দুজনকেই দল থেকে বের করে দেয়া উচিত...বিশেষ করে সৌম্য তো টেস্ট দলে অচল!!!’

ঊরুর চোটে পড়ায় প্রথম টেস্টের তিন দিনই দর্শক হয়ে ছিলেন সাকিব। পরে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান। তার অভাব নিশ্চিতভাবেই অনুভব করেছে দল।

তবে টিম ম্যানেজমেন্টের নানা সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন থেকে যায়। মাহমুদউল্লাহ রিয়াদকে যেমন টেস্ট দল থেকে ছুড়ে ফেলা হয়েছে। ক্যারিবীয়দের বিপক্ষে লজ্জার হারের পর তাকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন।

ফেইসবুক স্ট্যাটাসে তিনি খিলেছেন, ‘মাহমুদউল্লাহকে ফিরিয়ে আনা হোক। অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ।’

আরো পড়ুন:

ক্যাচে ক্যাচে ম্যাচ গেছে

‘টোটালি হতাশ’ পাপন