রাজবাড়ীতে নৌকার প্রার্থীকে পরাজিত করে আলমগীর শেখ মেয়র নির্বাচিত

রাজবাড়ী পৌরসভা নির্বাচনে দ্বিগুণ ভোটে নৌকার প্রার্থী বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরীকে পরাজিত করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর শেখ তিতু মেয়র নির্বাচিত হয়েছেন।

রবিবার এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নিশ্ছিদ্র নিরাপত্তা ও কঠোর নজরদারির মধ্যে ব্যাপকসংখ্যক ভোটারের উপস্থিতি অনুষ্ঠিত নির্বাচনে আলমগীর শেখ তিতু সর্বোচ্চ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।

ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত এ নির্বাচনে আলমগীর শেখ তিতু  নারিকেল গাছ প্রতীকে ভোট পান ১৫ হাজার ১০২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী নৌকা প্রতীকে ভোট পান ৭ হাজার ৩৪৮।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির প্রার্থী সাবেক মেয়র মো. তোফাজ্জেল হোসেন ধানের শীষ প্রতীকে ভোট পান ২ হাজার ৬৮৩ এবং জাতীয় পার্টির প্রার্থী কে এ রাজ্জাক মেরিন লাঙ্গল প্রতীকে ভোট পান ১৫৯। 

এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ভোটার ৪৫ হাজার ২০জন । এর মধ্যে ভোট প্রদান করে ২৬ হাজার ৯শ ৭৩। বাতিল হয় ৮১ টি এবং বৈধ ভোটারের সংখ্যা ২৬ হাজার ৮শ ৯২। ভোটারের উপস্থিতির হার ৬০ শতাংশ।