ইংল্যান্ডের প্রথম ইনিংস গুঁড়িয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের পথে অনেকটাই এগিয়ে গেল ভারত।
চেন্নাইয়ে রবিবার ম্যাচের দ্বিতীয় দিন ইংলিশদের ১৩৪ রানে অল আউট করে দেয় ভারত। তাতে প্রথম ইনিংসে ১৯৫ রানের লিড পায় স্বাগতিকেরা। পরে ১ উইকেটে ৫৪ রান তুলে দিন শেষ করে দলটি।
এখন পর্যন্ত ভারতের লিড ২৪৯ রান।
আগের দিনের ৬ উইকেটে ৩০০ রান নিয়ে নতুন শুরু করেছিল ভারত। এদিন আর ২৯ রান যোগ করতে পারে দলটি। মঈন আলী ৪ উইকেট নিয়ে প্রথম ইনিংসে সবচেয়ে সফল বোলার। ৩ উইকেট নেন ওলি স্টোন।
ভারতের পক্ষে আগের দিন ১৬১ রানের ইনিংস খেলে আউট হয়েছিলেন রোহিত শর্মা। এটিই দলটির পক্ষে সর্বোচ্চ। আর এদিন রিশভ পন্ত অপরাজিত থেকে যান ৫৮ রানে।
তবে দিনের শুরুতে বোলাররা ইংল্যান্ডকে এগিয়ে রাখলেও ব্যাটসম্যানরা তা কাজে লাগাতে ব্যর্থ হন। রবিচন্দ্রন অশ্বিন ৪৩ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। অভিষিক্ত লেগ স্পিনার অক্ষর প্যাটেল এবং পেস বোলার ইশান্ত শর্মা নেন ২টি করে উইকেট।
ইংলিশদের পক্ষে প্রথম ইনিংসে সবচেয়ে সফল ব্যাটার বেন ফোকস। অপরাজিত ৪২ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার।
ভারত দ্বিতীয় ইনিংস শুরু করে শুভমান গিলের উইকেট হারিয়েছে। ১৪ রান করে জ্যাক লিচের বলে এলবিডব্লিউ হন তিনি। রোহিত শর্মা ২৫ ও চেতশ্বর পূজারা ৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।